লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ‘ভোটের সিল’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি ওই এলাকার মো. শাহজাহানের ছেলে।
মামলায় আটক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির।
বুধবার (৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে এখনো রিমান্ড আবেদন করা হয়নি। অপর আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে অবস্থিত ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’-এর মালিক। অভিযোগ রয়েছে, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে তিনি সিল তৈরির অর্ডার দেন এবং ব্যবসায়ী সোহেল রানা সেগুলো তৈরি করে দোকানে সংরক্ষণ করেন।
রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ
ঘটনার পর মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় বশিরভিলা হলরুমে সংবাদ সম্মেলন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, জাল ভোট ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে জামায়াতে ইসলামী।
এর পাল্টা প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল রানা জামায়াতের কেউ নন। তবে মামলার অপর আসামি সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা
লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া বলেন, “সিলগুলো জব্দ হওয়ার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খুব দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
এলপি গ্যাসের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা
পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প