চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বন্দর ভবনে প্রবেশের সময় কয়েকশ আন্দোলনরত শ্রমিক-কর্মচারী তার গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে নৌপরিবহন উপদেষ্টা ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বন্দর চেয়ারম্যান তাকে নিয়ে বন্দর ভবনের উদ্দেশে রওনা দেন।
উপদেষ্টার আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সকাল থেকেই শত শত শ্রমিক-কর্মচারী বন্দর ভবনের আশপাশের এলাকা—বিশেষ করে ৪ নম্বর জেটিগেট ও কাস্টমস মোড়ে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর পরই আন্দোলনকারীরা গাড়ি আটকে দেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা “ডিপি ওয়ার্ল্ডের দালালেরা—হুঁশিয়ার সাবধান”, “গো ব্যাক অ্যাডভাইজার গো ব্যাক”, “মা-মাটি-মোহনা—বিদেশিদের দেব না” ইত্যাদি স্লোগান দেন। অনেকে উপদেষ্টার গাড়ির সামনে দাঁড়িয়ে “ভুয়া ভুয়া”, “দালাল দালাল” বলে চিৎকার করেন।
প্রায় ১৫ মিনিট ধরে গাড়িবহর আটকে থাকার পর পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উপদেষ্টাকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যায়। মূল ফটক দিয়ে গাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করার চেষ্টা করলেও শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন।
উপদেষ্টা গাড়ি থেকে নেমে বন্দর ভবনের ভেতরে প্রবেশের সময়ও শ্রমিক-কর্মচারীরা তাকে ঘিরে বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কড়া পাহারায় তিনি দ্রুত ভবনের ভেতরে প্রবেশ করে লিফটে ওপরে উঠে যান।
বর্তমানে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা চলমান কর্মবিরতি ও বন্দরের অচলাবস্থা নিরসনে জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে বৃহস্পতিবারও বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে এবং পণ্য খালাসের জন্য আসা জাহাজগুলো জেটিতে আটকে রয়েছে।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল, আন্দোলন দমাতে হয়রানি ও দমন-পীড়ন বন্ধের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
পিএসএল : সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর
নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল, তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন
ভারতের ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল