Thursday, February 5th, 2026, 2:58 pm

ভারতের ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি মনে করি এটি একটি যথাযথ সিদ্ধান্ত।’

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

এনএনবাংলা/পিএইচ