Thursday, February 5th, 2026, 5:52 pm

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬, চলবে ২৫ দিন

 

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। এ বছর বইমেলা চলবে মোট ২৫ দিন, শেষ হবে ১৫ মার্চ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

লিখিত বক্তব্যে ড. সেলিম রেজা বলেন, ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।

তিনি জানান, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্টল ভাড়া কমানো হয়েছে ২৫ শতাংশ

ড. সেলিম রেজা আরও জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সামগ্রিকভাবে বইমেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বইমেলার প্রস্তুতি ইতোমধ্যে প্রত্যাশামতো সম্পন্ন হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে, সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে এবং স্টল নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল বরাদ্দ

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন করে ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

ঈদের পর আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত নয়

ড. সেলিম রেজা বলেন, যখন বইমেলার আয়োজন প্রায় ৬০ শতাংশ সম্পন্ন, তখন কয়েকজন প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের অনুরোধ জানান। তবে এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ও বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় ওই সময়ে মাসব্যাপী বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, সার্বিক বাস্তবতা বিবেচনায় ২০ ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রকাশকদের অংশগ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

রমজান বিবেচনায় বিশেষ ব্যবস্থা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, পবিত্র রমজানের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় ইফতার, তারাবীহ ও পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বইমেলার সময়সূচি

বইমেলার নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

  • প্রতিদিন: দুপুর ২টা থেকে রাত ৯টা
  • শুক্র ও শনিবার: সকাল ১০টা থেকে রাত ৮টা
  • একুশে ফেব্রুয়ারি: সকাল ৮টা থেকে মেলা খোলা
  • মেলার সময়কাল: ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ, মোট ২৫ দিন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন।

এনএনবাংলা/