Thursday, February 5th, 2026, 8:20 pm

ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

 

জনপ্রিয় জুটি জোভান-নীহাকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ব্যানারে।

প্রতিবার ভালোবাসা দিবসে প্রচুর নাটক প্রচার হয়। কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম। নির্বাচনের ডামাডোলে নাটক নেই বললেই চলে। তাই নাটকপ্রেমীদের কাছে এবারের ভালোবাসা দিবসে শুধু সৌখিনের ‘যে কথা হয়নি বলা’ নাটকটিই মূল ভরসা হয়ে উঠেছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে, কাব্য (জোভান) নামের এক তরুণের অব্যক্ত প্রেম নিয়ে। কাব্য কবিতা লিখে, গান গায়। একটি রেস্টুরেন্টে নিয়মিত গান গাওয়া তার পেশা।

কুহু ৯নীহা) নামের একটি মেয়েকে সেই ইন্টারমিডিয়েট সময় থেকে ভালোবাসে কাব্য। কিন্তু কখনও বলতে পারেনি। তারপর একদিন কুহু এলাকা ছেড়ে চলে যায়। এরপর অনেক বছর পর কুহুকে দেখতে পায় আবার। কুহুকে পেয়ে কাব্যর ধুলোমাখা প্রেম আবার নতুনভাবে জেগে ওঠে। কিন্তু সেই একই দশা- তখনও কুহুকে মুখ ফুটে বলতে পারে না, ‘আমি তোমাকে ভালোবাসি’।

তবে কাব্য মুখে বলতে না পারলেও কবিতায় এবং গানে ঠিকই নিজের অব্যক্ত প্রেমের অনুভূতি তুলে ধরে। ফাইনালি কাব্য কি পারে, কুহুকে মনের কথা বলতে?

এই প্রশ্নের উত্তর জানা যাবে ‘যে কথা হয়নি বলা’ নাটকটি প্রচারের পর।

নাটক নিয়ে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটকটি। নীহার সঙ্গে দর্শক আমাকে সবসময়ই পছন্দ করে। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। আশা করি, ভ্যালেন্টাইনে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল এবং সাবলীল। আর ভালোবাসা দিবসে এমন গল্পই দর্শক সবসময় উপভোগ করেন।’

নির্মাতা সৌখিন বলেন, ‘আমার এই নাটকটি বেসিকেললি একটি মিউজিক্যাল ড্রামা। ভ্যালেন্টাইন মাথায় রেখেই নির্মাণ করেছি। গল্পের জন্য জোভান এবং নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তাই ওদের নিয়ে নির্মাণ করলাম। আশা করি এই ভ্যালেন্টাইনে দর্শক আমাদের মিউজিক্যাল ড্রামা দারুণ উপভোগ করবে।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে গান রয়েছে দুটি। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। আর দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু নিশ্চিত করেন, ‘যে কথা হয়নি বলা’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এনএনবাংলা/