নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে নির্বাচনী জনসভায় অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের আলাদাতপুর এলাকায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর ও নড়াইল —২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক ও নড়াইল —১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, জেলা প্রচার সম্পাদক ড. খান আব্দুস সুবহানসহ নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামির আমীর ও নড়াইল—২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা শুরু হবে। এ জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরেই চলছে মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজ। এ জনসভা উপলক্ষ্যে শহরজুড়ে ১০০ মাইকে সংযোগ দেওয়া হবে। জনসভা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ৩শ’ জন কর্মিকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তাঁরা জনসভা সফল করতে বিশেষ ধরণের কোটি (পোষাক) পরে জনসভা স্থলে থাকবেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। জনসাধারণ তাঁর বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। আমরা আশা করছি জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

আরও পড়ুন
কমলগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ
কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়