ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরেকটি পোস্টে দাবি করা হয়, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে আঘাত করা হয়েছে।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
সিআরএফ জরিপ: নির্বাচনে জামায়াতকে ভোট দিতে চান ৩৭.৪ শতাংশ তরুণ ভোটার
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান
আল-জাজিরার বিশ্লেষণ: জনমত জরিপে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত