Friday, February 6th, 2026, 6:53 pm

সিআরএফ জরিপ: নির্বাচনে জামায়াতকে ভোট দিতে চান ৩৭.৪ শতাংশ তরুণ ভোটার

 

আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ৯০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে এক দেশব্যাপী জরিপে। একই সঙ্গে রাজনৈতিক পছন্দে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে, বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে।

জরিপ অনুযায়ী, প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের ৩৭.৪ শতাংশের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী। তাদের পরেই রয়েছে বিএনপি (২৭ শতাংশ) এবং এনসিপি (১৭ শতাংশ)। তবে ১৮.৬ শতাংশ তরুণ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: এ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশের ১৮০টি আসনে ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন সিআরএফের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভিজিটিং প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী।

ভোটারদের অগ্রাধিকার: দুর্নীতি ও দ্রব্যমূল্য

জরিপে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ৮ শতাংশ এখনো নিশ্চিত নন।

ভোটারদের ৩০.২ শতাংশ প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান এবং ৩৩.২ শতাংশ দল ও প্রার্থী উভয়কেই বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন।

প্রধান ইস্যু হিসেবে ৬৭.৩ শতাংশ ভোটার ‘দুর্নীতি’কে সামনে এনেছেন। এছাড়া ৬৩ শতাংশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৫৫.৪ শতাংশ উন্নয়ন এবং ৫১ শতাংশ নিরাপত্তা বিষয়কে গুরুত্ব দিয়েছেন। ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন ৩৫.৯ শতাংশ ভোটার।

ভোটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন, জালিয়াতি এবং ব্যালট দখলের আশঙ্কা করছেন।

বিএনপির ৪৯ শতাংশ এবং জামায়াতের ৭১ শতাংশ সমর্থক মনে করেন ভোটকেন্দ্রে ভয়ভীতির ঘটনা ঘটতে পারে। এছাড়া ব্যালট ছিনতাই ও সরকারি পক্ষপাতিত্বের আশঙ্কার কথাও জরিপে উঠে এসেছে।

দলীয় পছন্দে পরিবর্তনের ইঙ্গিত

জরিপ অনুযায়ী, আগে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের ৪৮ শতাংশ এখন বিএনপিকে পছন্দ করছেন। ২৯ শতাংশ জামায়াত, ৬.৫ শতাংশ এনসিপি এবং ১৩ শতাংশ অন্যান্য দলকে পছন্দ করছেন। ২.৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি।

এই জরিপের ফলাফল আসন্ন নির্বাচনের আগে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনএনবাংলা/