Friday, February 6th, 2026, 7:44 pm

ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯

 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এ শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ছবিতে দেখা যায়—রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে। চারদিকে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো ও ধ্বংসাবশেষ। আতঙ্কিত মুসল্লিরা দিশেহারা হয়ে পড়েন। ইমামবাড়ার বাইরের বাগানেও বহু আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। চারদিকে সাহায্যের জন্য চিৎকার শোনা যায়।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, ‘বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা—ফরেনসিক দলগুলো তা তদন্ত করে দেখছে।’

তিনি আরও জানান, ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের দ্রুত পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএনবাংলা/