বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদী। তার ভাষায়, “আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ।” তিনি দাবি করেন, সব মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা দিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানান। হেফাজত আমির বলেন, “আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তাহলে তারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবে।”
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ইসলামি মূল্যবোধ রক্ষার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য: সংসদে তথ্য
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার