ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চলমান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং শাহবাগ মোড়ে অবস্থান নেয় পুলিশ। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাত ৮টার পর শাহবাগ মোড়ে পুলিশ অবস্থান নেয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজনা আরও বাড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার ঘোষণা দেন তারা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে রওনা দেন নেতাকর্মীরা। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানকে উন্মুক্ত নির্বাচনি বিতর্কে আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ইসলাম
জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ নয়: হেফাজত আমির বাবুনগরী