বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “খালেদা জিয়া সবসময় বলতেন—বাংলাদেশ ছাড়া তাঁর আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা।” শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণের কোনো উপকার হয় না। জনগণ জানতে চায়—আমরা তাদের জন্য কী করব। সে কারণেই বিএনপি জনগণের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে। আমরা জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই।
জনসভায় তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে। তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে জানিয়েছেন, এই এলাকার এয়ারপোর্টের কাজ অনেক দূর এগিয়েছে। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করা হবে।”
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সময়। তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যেমন ধর্ম–বর্ণের ভেদাভেদ দেখা হয়নি, ২০২৪ সালেও তেমনি হয়নি। এ দেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই এবং প্রতিটি নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি।
একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সহজে ঋণ পাওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণও সরকারের পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
ঠাকুরগাঁওকে কৃষিনির্ভর এলাকা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিএনপি আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে জনগণের পাশে থেকেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠনের কাজ করতে চায় বিএনপি। আর এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন জনগণের সহযোগিতা।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক : জামায়াত আমির
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান