টি-২০ বিশ্বকাপের মহোৎসব শুরু হলেও বাংলাদেশ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মন্তব্য করেছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই অনুপস্থিতি কেবল ক্রিকেটারদের জন্য নয়, পুরো জাতির জন্যই অপমানজনক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরের দিনে স্বাভাবিকভাবেই দেশের মানুষের নজর টিভির পর্দায় থাকা উচিত ছিল। টাইগারদের মাঠের লড়াই এবং লাল-সবুজের উল্লাস দেখার জন্য কোটি ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক এই মঞ্চে দেশের অংশগ্রহণের কথা থাকলেও পরিকল্পিতভাবে আমাদের দেশের সুযোগ সীমিত করা হয়েছে। এটি শুধু খেলাধুলার বিষয় নয়, বরং দেশের মর্যাদা ও সম্মানের সঙ্গে সরাসরি জড়িত। এর ফলে পুরো জাতিই অপমানিত হয়েছে।

তিনি দেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে লিখেছেন, “প্রিয় ক্রিকেটার ভাইদের প্রতি আমার সমব্যথা। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস নেই।”
আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির চাপের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। খেলাধুলার মতো আন্তর্জাতিক অঙ্গনেও যদি আমাদের ন্যায্য অধিকার হরণ করা হয়, তা জাতির আত্মসম্মানে আঘাত হানে।
তবে ভবিষ্যতের জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং দৃঢ় কণ্ঠে উল্লেখ করেন, “বাংলাদেশ আবারও আন্তর্জাতিক মঞ্চে মর্যাদার সঙ্গে ফিরবে। মাথা উঁচু করে—গর্ব, শক্তি ও সম্মান নিয়ে। ইনশাআল্লাহ।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান