February 11, 2026
Saturday, February 7th, 2026, 8:52 pm

নীলফামারীর বড় মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা

নীলফামারী প্রতিনিধি:
“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারীর ঐতিহাসিক বড় মাঠে এক বৃহৎ নির্বাচনী জনসভা আয়োজন করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী–২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য ও খেজুর গাছ মার্কার প্রার্থী মনজুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী–৩ (জলঢাকা) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর। জনসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এম. সাইফুল ইসলাম। এছাড়াও জেলা বিএনপির সদস্য রেদওনুল হক বাবু, সেফাউল জাহাঙ্গীর আলমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বড় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “সকল ক্ষমতার উৎস বাংলার মানুষ। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো।” তিনি নীলফামারী জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাখাতে অগ্রগতির বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সভা শেষে নেতৃবৃন্দ “বাংলাদেশ জিন্দাবাদ” ও “সবার আগে বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।