February 11, 2026
Saturday, February 7th, 2026, 9:00 pm

জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে : ডা: শফিকুর রহমান

default

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমাদের সিলেট বিমানবন্দর পূর্ণমানের আন্তর্জাতিক বিমানবন্দর না হবার কারণে শুধু বিমানের উঠানামা হয় তাও লন্ডন থেকে। আর মাঝে মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে দু’একটা বিমান সিলেট হয়ে ঢাকা যায়। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। দুইটি এয়ারপোর্টে এয়ারলাইনস নামে। কিন্তু সিলেটে আসেনা। সিলেটিরা মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে। যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে ফ্লাইট সিলেট আবার আসবে। ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। কারণ যুবকরাই ২৪ এর আগস্টে আন্দোলন করে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। এটা কারো মুখের কথা নয়, ঠুটের কথা নয় এটা আমাদের বুকের কথা। আবু সাঈদ থেকে ওসমান হাদি যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।

ডা: শফিকুর রহমান বলেন, আমরা পাহাড়ী, সমতল, নি¤œাঞ্চল এবং সকল জাতি বর্ণ ও শ্রেণির মানুষদের নিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবেনা কোনো ভেদাভেদ। একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি থাকবে ভূখা এটা আমরা হতে দেবনা। আগামী ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এটা ২৪ এর যোদ্ধাদের আকাঙ্খার ভোট। এই ভোটের সাথে গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। কুলাউড়ার চা-শ্রমিকদের উদ্দেশ্য ডা: শফিকুর রহমান বলেন, আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব। একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা। আমরা চাইনা শুধু রাজার ছেলে রাজা হবে, রাণীর মেয়ে রাণী হবে। আমরা চাই যদি একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হয় রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নিবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।

প্রবাসীদের নিয়ে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক লোকজন দেশের বাইরে যান। সেখানে অনেক প্রবাসী ভাইয়ের মৃত্যু হলে তাদের নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। আমরা এটা চাইনা। আমরা চাই রাষ্ট্র তার নিজ দায়িত্বে এই লাশগুলো সম্মানের সাথে বাংলাদেশে নিয়ে আসবে। আবার কোন শ্রমিক প্রবাসে গিয়ে কাজ করতে মারা যায় তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে। সে বেওয়ারিশ পড়ে থাকবে না। তার পরিবারের দায়িত্ব নিবে সরকার। দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা যাবে।

হ্যাঁ ভোট নিয়ে জামায়াত আমীর বলেন, গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট, চব্বিশের যোদ্ধাদের, শহীদদের আকাংখার ভোট। সেই ভোট হচ্ছে গণভোট। সেই ভোটে হ্যাঁ হবে। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। জনতার উদ্দেশ্যে জামায়াত আমীর বলেন, আজাদী না গোলামী? সমস্বরে জনতা বলে উঠেন আজাদী।

কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সায়েদ আলীকে নিয়ে জামায়াত আমীর বলেন, কুলাউড়া আসনে প্রার্থী দুইজন। আপনারা এখানে দুইজন এমপিকে ভোট দিবেন। এই আসনে বাস্তব এমপি হবেন ইঞ্জিনিয়ার সায়েদ আলী। আর ছায়া এমপি হিসেবে আছি আমি ডা. শফিকুর রহমান। কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী সায়েদ আলী নির্বাচিত হলে ধরে নিবেন আমি কুলাউড়ার এমপি।

বক্তব্য শেষে বিশাল এই জনসভায় ডা: শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনে ১১ দলের জোটের মনোনীত প্রার্থী (বড়লেখা-জুড়ী) মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন। দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়ার আহবান জানান জামায়াতের আমির।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও কুলাউড়া সংসদীয় আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী’র সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য শরিফ মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ সংসদীয় আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, কুলাউড়া  জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, এনসিপি’র মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন, যুগ্ম সচিব শাহ আলম সরকার, বাংলাদেশ লেবার পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মাছুম ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমদ, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু, ফুলতলা বাগানের পঞ্চায়েত সভাপতি হর গোবিন্দ, সিংগুর পানপুঞ্জির মন্ত্রী জামিন ধর প্রমূখ।

এদিকে জামায়াতের আমিরের নিজ জন্মভূমি কুলাউড়ায় আগমণ উপলক্ষে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সমাবেশস্থলে আসতে শুরু করে। সকাল সাড়ে নয়টায় এনসি স্কুল মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়। সমাবেশের মূল আকর্ষণ ছিল প্রায় পাঁচ হাজার নারীদের উপস্থিতি। মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর দাঁড়িপাল্লা প্রতীকের গান ব্যাপক প্রশংসিত হয়। সকাল সাড়ে এগোরটায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে হেলিকপ্টার যোগে জামায়াতের আমির অবতরণ করে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশস্থলের নিরাপত্তায় ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।