Sunday, February 8th, 2026, 1:26 pm

নির্বাচন ঘিরে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসায় শুরু হচ্ছে রমজানের ছুটি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকবে। একই সঙ্গে মাদ্রাসাগুলোতেও এই ছুটির মধ্য দিয়েই রোজা ও ঈদের ছুটি শুরু হবে।

আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের আগের দিন বুধবার এবং ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি কার্যকর হবে।

অন্যদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত এবং ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কলেজগুলোর ক্ষেত্রে বর্ষপঞ্জি অনুযায়ী সোম ও মঙ্গলবার ক্লাস চলার পর বুধবার থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। কলেজগুলোতেও এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে এবং ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল এবং কারিগরি শিক্ষার অধীনে থাকা ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট ও বিএমটি কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুযায়ী এসব প্রতিষ্ঠানে ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত এবং ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এনএনবাংলা/পিএইচ