বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের পথসভায় অংশ নিয়ে তার নির্বাচনী এলাকার মানুষদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকেই এখানে বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানেই জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। তাই মা-বোন, ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তিন মিনিটের মধ্যেই বক্তব্য শুরু করে তিনি বলেন, “এটি একটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের জায়গা, তাই বক্তব্য দীর্ঘ করব না।”
ঢাকাকে নিরাপদ ও সুশৃঙ্খল শহরে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমার লক্ষ্য এমন একটি ঢাকা যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে এবং ব্যবসা-বাণিজ্য স্বাচ্ছন্দ্যে চালাতে পারে।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি ১২ তারিখে সরকার গঠন করতে পারে, তাহলে শহরে ৪০টি নতুন খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার পরিকল্পনাও হাতে রয়েছে।”
শেষে আবারও নেতাকর্মী ও স্থানীয় মানুষদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের সমর্থন চাই, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিন।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য: সংসদে তথ্য
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার