Sunday, February 8th, 2026, 8:58 pm

বিএনপি জনগণের দল, নিশ্চিত করা হবে ধোবাউড়ার নাগরিক সুযোগ সুবিধা : প্রিন্স 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের দল, নিশ্চিত করা হবে ধোবাউড়ার নাগরিক সুযোগ সুবিধা। “এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি”।
তিনি আজ (৮ ফেব্রুয়ারী) ধোবাউড়া উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, আজকের এই শেষ সমাবেশ ধোবাউড়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। বহু বছর ধরে এই জনপদ অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু এবার ধোবাউড়ার মানুষ আর নীরব থাকবে না। ধানের শীষে ভোট দিয়ে তারা নিজেদের অধিকার আদায় করবে।
আজ বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক এমপি ডা.মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া আলী, জমিয়তে উলামায়ে ইসলমের নেতা মওলানা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যন জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, সাবেক চেয়ারম্যন গাজিউর রহমান, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্স দৃঢ় কণ্ঠে বলেন, আমি নির্বাচিত হলে ধোবাউড়ায় মিল কলকারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর ও সীমান্ত এলাকার উন্নয়ন, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। দীর্ঘদিনের দাবির বাস্তবতায় ধোবাউড়া পৌরসভা গঠন করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এক কোটি কর্মসংস্থানের কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে। তরুণ সমাজের হাতে কাজ তুলে দিতে না পারলে দেশ এগোবে না এটাই বিএনপির রাজনীতি।
সমাবেশে আরো তিনি বলেন, এই নির্বাচন শুধু জেতানোর নির্বাচন নয়, এটি ভোটাধিকার, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার নির্বাচন।
শেষে তিনি ধোবাউড়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিশাল মিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।