গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর-১ আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও বিএনপির প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সামিউল আলম স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেন। পৃথক নোটিশে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ রায়হান সিরাজীর বিরুদ্ধে নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গাছের সঙ্গে ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭ (গ)-এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে রংপুর মেট্রো পুলিশ লাইনের পাশে লিফলেট/হ্যান্ডবিল পোস্টার আকারে সাঁটানোর অভিযোগ আনা হয়েছে, যা একই বিধিমালার বিধি ৭ (ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধরনের কার্যক্রম নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করতে পারে। আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। দুই প্রার্থীকে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রায়হান সিরাজীকে সকাল ১১টায় এবং মোকাররম হোসেন সুজনকে সকাল ১১টা ৩০ মিনিটে উপস্থিত থাকতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে মো. রায়হান সিরাজী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো অভিযোগের জবাব আইনের মাধ্যমে দেবো। এই বিষয়ে মো. মোকাররম হোসেন সুজন জানান, বিধি অনুয়ায়ী জবাব দেওয়া হবে। এদিকে, নোটিশ দ্রুত জারি ও কার্যকর করার জন্য গঙ্গাচড়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি ছবুর আলী বলেন, কমিটির নির্দেশনা পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পৌঁছে দেওয়া দেওয়া হবে। কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ সামিউল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিটি কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা
রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে
স্বাধীনতার ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, জামায়াত সরকার গঠন করলে ৫ বছরেই তার চেয়ে বেশি উন্নয়ন হবে : রায়হান সিরাজী