আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করবে না ৩২১টি প্রকাশনা প্রতিষ্ঠান। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, পাঠকশূন্যতার আশঙ্কা, মানবিক বিপর্যয় এবং আর্থিক ঝুঁকি-কে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে মেলায় অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
প্রকাশকরা বলেন, জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং রমজান মাসের কারণে বইমেলায় উপস্থিত পাঠক সংখ্যা কমবে, যা ব্যবসায়িক ও মানবিক ঝুঁকি সৃষ্টি করবে। তবে তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজন হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা করবেন।
অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, ‘নির্বাচন-পরবর্তী অনিশ্চিত সময়ে এবং রমজান মাসে আমাদের কষ্টার্জিত পুঁজির ঝুঁকি নিয়ে ফেব্রুয়ারিতে মেলায় অংশ নেওয়া সম্ভব নয়। তবে ঈদের পরে উপযুক্ত সময়ে মেলায় অংশগ্রহণ এবং পূর্ণ সহযোগিতা থাকবে।’
প্রকাশকদের বক্তব্যে বলা হয়, ফেব্রুয়ারিতে মেলা শুরু হলে কয়েকদিনের মধ্যেই রমজান শুরু হবে। তীব্র গরম ও যানজটের কারণে পাঠকরা মেলায় আসবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মেলার স্টল পরিচালনায় কাজ করেন, তারা রোজার মধ্যে দীর্ঘ সময় কাজ করতে পারবেন না, যা মানবিকভাবেও সমস্যা সৃষ্টি করবে।
গত দেড় বছরে প্রকাশনা শিল্প চরম মন্দার মধ্যে রয়েছে বলে প্রকাশকরা উল্লেখ করেন। তারা বলেন, ‘এই পরিস্থিতিতে আরও একটি অসফল মেলায় অংশ নিয়ে অবশিষ্ট পুঁজি হারানো সম্ভব নয়।’
বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা বলেন, ‘বইমেলা আয়োজনের কাজ প্রায় ৬০ ভাগ সম্পন্ন। কিছু প্রকাশক ঈদের পর আয়োজন করার অনুরোধ জানিয়েছিলেন। তবে এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখী ঝুঁকি থাকার কারণে এ সময় মেলা আয়োজন বাস্তবসম্মত নয়।’
এর আগে, গতবছরের মেলায় অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে পুরনো ৫২৭টি ও নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকাশকরা স্পষ্ট জানিয়েছেন, ঈদের পরে মেলা হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও সেই ঝুঁকি তারা নিতে প্রস্তুত। তবে রমজান মাসে মেলায় অংশ নেওয়া ব্যবসায়িক মৃত্যুর সমান ঝুঁকি তৈরি করবে। তারা বইমেলার বিপক্ষে নন, বরং সফল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশের নির্বাচন বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ: এএফপি
টয়োটার এমডিসহ তিন কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ
অন্তর্বর্তী সরকারের ‘দম ফুরিয়ে গেছে’, শেষ সুযোগ ভালো নির্বাচন: দেবপ্রিয় ভট্টাচার্য