Monday, February 9th, 2026, 2:33 pm

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি মানা না হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে রোববার নির্বাচন কমিশন এক নির্দেশনায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এর বাইরে সাধারণ ভোটার বা অন্য কারও কাছে মোবাইল ফোন রাখা যাবে না।

এই সিদ্ধান্তের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, তা জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি—আজ সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিনিষেধ পরিবর্তন করতে হবে। তা না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন, “এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি, কিছু বলিনি। কিন্তু নির্বাচনের ঠিক আগে এসে ভোট কারচুপির সুযোগ তৈরি করা, মিডিয়াকে ব্ল্যাকআউট করা এবং মানুষের তথ্য অধিকার কেড়ে নেওয়ার মতো কোনো আইন মেনে নেওয়া হবে না।”

নাহিদ জানান, তাদের প্রতিনিধিরা আজই নির্বাচন কমিশনে যাচ্ছেন। কমিশনকে সতর্ক করে তিনি বলেন, “এতদিন যা করেছেন করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি পক্ষপাতমূলক আচরণের কোনো চেষ্টা করা হয়, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ পরিণতি হবে বর্তমান কমিশনের।”

এ সময় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষা করবেন। গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন হচ্ছে—এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না।”

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “ভোটকেন্দ্রে আমরা থাকব। কেউ দখলের চেষ্টা করলে তরুণ সমাজ শক্ত হাতে তা প্রতিরোধ করবে।”

সবশেষে মোহাম্মদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে রিকশা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা ও নির্যাতিত এই আলেমকে সংসদে পাঠিয়ে ইসলামের পক্ষে, গণ-অভ্যুত্থান ও সংস্কারের পক্ষে রায় দিন। আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আধিপত্যবাদবিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

এনএনবাংলা/পিএইচ