February 10, 2026
Monday, February 9th, 2026, 7:51 pm

কমলগঞ্জে আনসার ও ভিডিপির নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিতব্য সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, এবারের নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোট কেন্দ্রে মোট ৯৮৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার আধুনিকায়নে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্যকে ‘সুরক্ষা অ্যাপ (END USER)’ ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব কেবল নিরাপত্তা দেওয়া নয়, বরং জনগণের আস্থা অর্জন করে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহাম্মেদ।

বক্তারা নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা সদস্যদের উদ্দেশ্যে বলেন, “গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

ব্রিফিং শেষে সদস্যরা সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাহ আব্দুল জলিলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-নেত্রীবৃন্দ।