জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ফুটবল) বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার উন্নয়নে আমৃত্যু কাজ করতে চান। দীর্ঘদিন থেকে তিনি কুলাউড়ার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সাথে যুক্ত ছিলেন। বিগত সময়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। মানুষের ভালোবাসা ও দোয়ায় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখবো।
৯ ফেব্রুয়ারি সোমবার তিনি প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন। ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান, জাতীয় পার্টি নেতা সৈয়দ আশরাফ আলী, ব্যবসায়ী মিশকাত মজিদ রুহিন, সমাজসেবক তোফায়েল চৌধুরী, জাতীয় পার্টি নেতা আহাদ মিয়া প্রমুখ।
নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন, উপজেলার প্রতিটি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। প্রতিবন্ধীসহ সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ সরবরাহ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তোলা। কর্মমুখী শিক্ষার প্রসারে ব্যবস্থা তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ। কুলাউড়ার স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কুলাউড়া হাসাপাতালকে আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক বৃদ্ধি এবং আঞ্চলিকভাবে রবিরবাজার, ব্রাহ্মণবাজার, বরমচাল ইত্যাদি স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বেকার যুবকদের কর্মমুখী করার লক্ষে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেব। বিদেশে চাকুরির চাহিদা বিবেচনা করে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে যুগোপযোগী ট্রেডে প্রশিক্ষণ ব্যবস্থা করা। ফ্রিল্যান্সিং ও আইসিটি কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং দেশ ও প্রবাসে তরুণ-তরুণীদের জন্য ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
কুলাউড়া উপজেলার সকল সড়কের সংস্কার এবং প্রয়োজনীয় কাঠামোগত উন্নয়ন। কুলাউড়া শহর এবং উপজেলার অন্তর্গত অন্যান্য বাজারগুলির উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। গুরুত্বপূর্ণ ব্রীজ, কালভার্ট নির্মাণ, চলমান রাজাপুর সেতু ও সংযোগ সড়কগুলি কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার পদক্ষেপ গ্রহণ। নিরাপদ পরিবহন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন। রেল যোগাযোগ, ব্রডগেজ লাইন স্থাপন ও আসন সংখ্যা বৃদ্ধি সহ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ভাটেরা, লংলা, টিলাগাঁওসহ বন্ধ থাকা স্টেশনগুলো পুনরায় চালু ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ। বিদ্যুৎ বিপণন ব্যবস্থার উন্নয়ন ও বিকল্প জ্বালানী সৌর বিদ্যুৎ ও বিকল্প শক্তির ব্যবহার নিশ্চিত করা। প্রতিবেশ, পরিবেশগত সমস্যা সমাধান। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ অঞ্চল সমূহে প্রয়োজনীয় পদক্ষেপ এবং এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি এলাকার আগাম বন্যা, জলাবদ্ধতা প্রতিরোধে কর্মসূচী গ্রহণ। হাওর অঞ্চলের মানুষের বিকল্প জীবিকায়নে কৃষি এবং কৃষি ব্যবস্থার উন্নয়ন। হাকালুকি হাওরকে উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে পরিবেশবান্ধব উন্নয়ন ব্যবস্থা করা।
ক্রীড়ার উন্নয়নে রাজনীতিমুক্ত প্রকৃত ক্রীড়া সংগঠক দ্বারা ক্রীড়া সংগঠন গঠন করা, খেলাধুলা প্রসারের জন্য কুলাউড়া সদরে স্টেডিয়াম নির্মাণ এবং প্রত্যন্ত অঞ্চলে মাঠের উন্নয়ন ও ব্যবস্থা গ্রহণ। প্রবাসীদের সহযোগিতার জন্য ওয়ান স্টেপ হেল্প ডেস্ক গঠন করে বিভিন্ন আইনগত জটিল সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ।ও মৎস্যজীবিদের প্রাণের দাবি ভাসমান পানিতে মাছ ধরার অধিকারের পক্ষে আইন প্রণয়নে পদক্ষেপ নেব। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের উপযুক্ত মজুরী ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করা। চা শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি বাস্তুভিটা, ভূমি অধিকার এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। চা শ্রমিকসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থীর জন্য বিশেষ শিক্ষা তহবিল গঠন। খাসিয়া, গারোসহ অধিবাসী জনগোষ্ঠির ভূমি অধিকারসহ জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ। আমি ক্ষমতা চাই না। আমি চাই সেবা করার সুযোগ। আসুন সবাই মিলে কুলাউড়াকে সুন্দর শান্তির জনপদ গড়ে তুলি।

আরও পড়ুন
১১ দলীয় জোটের বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাটোরের গুরুদাসপুরে বসত বাড়ীতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু, আহত এক
এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব,নদী গর্ভে এক ইঞ্চি মাটি বিলীন হতে দেব না: রফিকুল ইসলাম