জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে অতীতে সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন,
‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি আবারও আপনাদের সমর্থন চাই। আমি, আপনি এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন ও ভোট চাই।’
দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটি আমার এবং বিএনপির অঙ্গীকার।’
ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’
তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা। জনগণের বাংলাদেশে, জনগণের অধিকার প্রতিষ্ঠার দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করি।’
এনএনবাংলা/

আরও পড়ুন
তরুণদের সমাজের ককপিটে বসাতে চাই: জামায়াত আমির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
মার্কিন তুলা ব্যবহার করা বাংলাদেশি তৈরি পোশাককে যুক্তরাষ্ট্র দেবে শুল্কমুক্ত প্রবেশাধিকার