February 10, 2026
Tuesday, February 10th, 2026, 4:34 pm

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে শীর্ষে রাজধানী

 

বায়ুদূষণে আবারও বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের সর্বশেষ তথ্য বলছে, বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৬। তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি (স্কোর ২১৭) এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২১৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ৫১–১০০: মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১ বা তার বেশি: দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ

সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে রয়েছেন বয়স্ক ব্যক্তি, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং মাস্ক ব্যবহার করা জরুরি।

রাজধানীর বায়ুমান দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। শুষ্ক মৌসুমে নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার নির্গমন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে বলে পরিবেশবিদরা মনে করছেন।

এনএনবাংলা/