রাজধানীর ১৫টি আসনের মধ্যে ১৩টি আসনে ১৪০০টির বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বুধবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা
শরফ উদ্দিন আহমদ বলেন, “১৩টি আসনে প্রায় ১৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আমাদের নিরাপত্তা বাহিনীর অ্যাসেসমেন্ট অনুযায়ী ডেপ্লয়মেন্ট পরিকল্পনা করা হয়েছে।”
তিনি জানান, ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে ১৩টির রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সকাল থেকেই ভোটকেন্দ্রে মালামাল বিতরণ শুরু হয়েছে এবং দিনের মধ্যেই সব প্রিজাইডিং অফিসার নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবেন।
৮০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রতি আসনে দুইজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেওয়া হয়েছে এবং তাদের বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।”
৯৮% কেন্দ্র সিসিটিভির আওতায়
নিরাপত্তা জোরদারে প্রায় ৯৮ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো শতভাগ সিসিটিভির আওতায় রয়েছে।
প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত দুইজন আনসার সদস্য রিয়েল-টাইম ছবি আপলোড করতে পারবেন, যা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে।
বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নিশ্চিত
ভোট গণনার কক্ষেও সিসিটিভি নজরদারি থাকবে। বিদ্যুৎ বিভ্রাট হলেও যাতে এক সেকেন্ডের জন্যও গণনা কক্ষ অন্ধকার না হয়, সে জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, “প্রত্যেক ভোট গণনা কক্ষে প্রয়োজনীয় ব্যাকআপ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
নিরাপত্তা ঝুঁকি নেই, প্রার্থীদের সহযোগিতা রয়েছে
বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন শরফ উদ্দিন আহমদ। প্রার্থীদের পক্ষ থেকেও কোনো চাপ অনুভূত হয়নি বলেও জানান তিনি।
সহিংসতা বা ফলাফল নিয়ে সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রায় ৫২টি অভিযোগ পেয়েছিলাম, সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল কখন, জানালেন ইসি সানাউল্লাহ
ভোটে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক