ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় এই আহ্বান জানায় সংস্থাটি।
বার্তায় জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনে সবার নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ একটি মৌলিক অধিকার। এর আওতায় সব নারী ও মেয়ের অধিকারও অন্তর্ভুক্ত—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকা নারীরা।
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ ইতোমধ্যে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি এবং বিশেষ করে অনলাইন নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে—এ বিষয়েও জাতিসংঘ গভীরভাবে সচেতন বলে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ আরও জানায়, বর্তমানে রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীসহ জনজীবনে সক্রিয় নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত অনলাইন হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বিকৃত করে অপব্যবহারের মতো ঘটনা ক্রমেই বাড়ছে।
সংস্থাটি দীর্ঘদিন ধরে নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে এবং নারীদের নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। জাতিসংঘের মতে, নারীসহ সব ভোটার যেন কোনো ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই ভোট দিতে ও প্রার্থী হতে পারেন—তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
রাজনৈতিক নেতা, দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং তাদের অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ।
বার্তার শেষ অংশে জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। এ লক্ষ্যে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় বাংলাদেশের সরকারের পাশে থেকে কাজ করে যাবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি সচিব
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা
দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট