February 11, 2026
Wednesday, February 11th, 2026, 5:51 pm

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় লাল টেপ প্যাঁচানো অবস্থায় ১০টি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায়, বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে এসব বস্তু পাওয়া যায়। বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে স্কুলসংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে দুটি ব্যাগ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ব্যাগ দুটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী মো. ফরিদ খান বলেন, সকালে দুটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এবং বিষয়টি আশপাশের লোকজনকে জানাই। পরে তারা পুলিশকে খবর দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুটি বাজারের ব্যাগ থেকে লাল টেপ মোড়ানো ৪টি বড় এবং ৬টি ছোট আকারের বোমা বা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দুটি ব্যাগে ৯ থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ