বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে যে রায় আসবে আমরা তা মেনে নেবো। একই সঙ্গে অন্যদেরও সেই রায় মেনে নিতে হবে—এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আমিও তার ব্যতিক্রম নই। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি নির্বাচন হারানোর পর মহান আল্লাহ আজ আমাদের আবার ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, শুধু তিনি নন—বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা জীবনে কখনোই ভোট দিতে পারেনি, তারাও এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে। এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আগামী সরকার গঠন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি সরকার দেখতে চাই, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের সরকার হবে না; বরং হবে ১৮ কোটি মানুষের সরকার। এমন সরকার গঠনের ব্যাপারে আমরা আশাবাদী।”
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দেশবাসীর প্রতি আমার অনুরোধ—আপনারা নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।”
ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি জানান, “আমি এখন পর্যন্ত শুধু আমার কেন্দ্রেই ভোট দিয়েছি। অন্যান্য কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সারা দেশের খবর নেব। ছোটখাটো সমস্যা হলে আমরা তা উপেক্ষা করব, কিন্তু বড় ধরনের কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। মানুষের ভোটাধিকার যেন নষ্ট না হয়—এটাই আমাদের মূল লক্ষ্য।”
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, “মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ গঠনের কাজে আমরা গণমাধ্যমকে পাশে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করতে চাই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই সংবাদ বিভিন্ন মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। “কেউ অপরাধ করলে সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু যা অপরাধ নয়, সেটিকে জোর করে অপরাধ হিসেবে দেখানো আরও বড় অপরাধ।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
হাসিনার পতনের পর প্রথম জাতীয় নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা