February 12, 2026
Thursday, February 12th, 2026, 12:34 pm

দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন : সেনাপ্রধান

 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দঘন। গত দেড় বছর ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। অবশেষে আজ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারাদেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান জানান, সকাল থেকেই দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোট গ্রহণের অনুকূল আবহ তৈরি হয়েছে। তিনি বলেন, “আমি নিজে সকাল থেকেই সারাদেশের পরিস্থিতির খোঁজখবর নিয়েছি। আমার কাছে আসা তথ্য অনুযায়ী, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।”

নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা সারাদেশের বাস্তব পরিস্থিতি জনগণের কাছে তুলে ধরছেন, যার ফলে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে এবং ভোট দিতে যাওয়ার আগ্রহ তৈরি হচ্ছে।”

সবশেষে তিনি বলেন, “আশা করছি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আমরা একটি সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।”

এনএনবাংলা/পিএইচ