ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম। অধিকাংশ কেন্দ্রে ভোটারের চেয়ে প্রার্থীর কর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি ছিল প্রায় একই—কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
গোপালগঞ্জের এমন চিত্র আগে থেকেই ধারণা করা হচ্ছিল। টুঙ্গিপাড়া উপজেলার অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। তবে সদর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
গোপালগঞ্জ জেলার তিনটি আসন—গোপালগঞ্জ-১, ২ ও ৩—মিলে মোট ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। পুরো জেলাই মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা বারবার নির্বাচন করেছেন এবং প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে এখানকার ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনাগ্রহ দেখা যাচ্ছে।
গোপালগঞ্জ-২ আসনে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এলাকায়ও তেমন কোনো দল শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি। বর্তমানে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থীর কিছু সমর্থক থাকলেও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ খুবই কম।
তবে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।
উল্লেখ্য, বুধবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে মাঠে যৌথ বাহিনীর টহল চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে গোপালগঞ্জ শহরের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
হাসিনার পতনের পর প্রথম জাতীয় নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা