February 12, 2026
Thursday, February 12th, 2026, 10:14 pm

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা দেশে চলছে টানটান উত্তেজনার মধ্যে ভোট গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে ধীরে ধীরে আসতে শুরু করেছে বেসরকারি ফলাফল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২টি আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া জামায়াতে ইসলামী ৩টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে অগ্রগামী অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশন ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিএনপি ঠাকুরগাঁও-১, নাটোর-১ ও ২, ফরিদপুর-২ ও ৩, ভোলা-৪, ঢাকা-৭, মৌলভীবাজার-৩, কুমিল্লা-৫ ও ৬ এবং পাহাড়ি জেলা রাঙামাটি ও বান্দরবান আসনে এগিয়ে আছে। এসব আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী বাগেরহাট-২, গাজীপুর-৪ ও কুষ্টিয়া-৩ আসনে অগ্রযাত্রা ধরে রেখেছে। পাশাপাশি বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এগিয়ে থাকার তথ্য মিলেছে।

দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গণনা চলমান থাকায় ফলাফলে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন ভোটার ও প্রার্থীরা।

এনএনবাংলা/পিএইচ