ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম ভরাডুবির মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে একটিও আসন পায়নি লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। এমনকি সারাদেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয়ের মুখ দেখেনি দলটি। চার দশকের রাজনৈতিক ইতিহাসে এত বড় ধাক্কা আগে দেখেনি জাপা।
ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থান পেয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর বাড়ি রংপুর শহরে হওয়ায় এ অঞ্চলে বরাবরই জাপার শক্ত ভোটব্যাংক ছিল। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে গেছে।
রংপুরে জামায়াতের দাপট
রংপুর-১ আসনে জামায়াতের রায়হান সিরাজী ১ লাখ ৭৪ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট।
রংপুর-২ আসনে জামায়াতের এটিএম আজাহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৮০ হাজার ৫৩৮ ভোট।
রংপুর-৩ আসনে জামায়াতের মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির শামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এ আসনে জিএম কাদের পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫ ভোট, যা তাকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে বিজয়ী হয়ে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন।
জানা গেছে, ভোটের দিন নগরীর নিউসেনপাড়া মহল্লার বাসায় অবস্থান করলেও জিএম কাদের নিজে ভোট দিতে যাননি। যদিও ভোটের আগের দিন দলীয় সূত্রে জানানো হয়েছিল, তিনি বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
রংপুর-৪ ও ৫, ৬ আসনের ফল
রংপুর-৪ আসনে এনসিপির আকতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট।
রংপুর-৬ আসনে জামায়াতের নুরুল আমীন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।
গাইবান্ধা-১ আসনেও তৃতীয় জাপা
গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। এ আসনে জাতীয় পার্টির মহাসচিব হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট।
সব মিলিয়ে রংপুর বিভাগসহ সারাদেশে একটিও আসন না পাওয়া জাপার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটির ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপির ঐতিহাসিক জয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
বিএনপির ৭ ‘বিদ্রোহী’ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী
ধৈর্য ধরার আহ্বান জামায়াতের, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষার অনুরোধ