শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট শেষে রাত থেকেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ শুরু হয়।
ঢাকা-৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন মোট ৬০৮ ভোট। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে অর্জন করেছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
অন্যদিকে ঢাকা-১২ আসনে বেসরকারি ফলাফলে দেখা গেছে, আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। একই আসনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪টি—অর্থাৎ বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম ভোট পেয়েছেন আমজনতা দলের প্রার্থী তারেক রহমান।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ঢাকার ২০টি আসনে বিজয়ী হলেন যাঁরা, পেলেন কত ভোট
হারলেও ‘সততার রাজনীতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা তাসনিম জারার
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল