Friday, February 13th, 2026, 5:46 pm

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা–দিল্লি সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।

পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ পারস্পরিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে—এ অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাইরে থাকার পর দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে।