February 15, 2026
Sunday, February 15th, 2026, 2:03 pm

নির্বাচনের পর বড় উত্থান শেয়ারবাজারে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই শেয়ারবাজারে একপ্রকার উড়ন্ত সূচনা দেখা গেছে। রোববার লেনদেনের শুরু থেকেই তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারের দর কম-বেশি বৃদ্ধি নিয়ে কেনাবেচা শুরু হয়। এতে সূচকে বড় উত্থান হয়েছে।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি দেশের সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনই সূচকের এই উত্থান।

এক ঘণ্টায় ১২৭ পয়েন্ট বৃদ্ধি

রোববার সকাল ১০টায় স্বাভাবিক লেনদেন শুরুর এক ঘণ্টা পর, বেলা ১১টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়ায় ৫৫২৭ পয়েন্টে। আগের কর্মদিবসের তুলনায় যা ১২৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ বেশি।

অবশ্য লেনদেন শুরুর মাত্র চার মিনিটের মধ্যেই সূচক প্রায় ১৭০ পয়েন্ট বেড়ে ৫৫৬৯ পয়েন্ট ছাড়িয়ে যায়। সে সময় সূচক বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১৪ শতাংশ।

৩৬১ শেয়ারের দর বৃদ্ধি, লেনদেনে গতি

বেলা ১১টায় ডিএসইর প্রধান লেনদেন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানি ও ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৬১টির দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। এ সময় ১৮টির দর কমে এবং ৯টি শেয়ার অপরিবর্তিত থাকে।

একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামীর বাজার নিয়ে আশাবাদী মনোভাবের কারণে অনেকেই আগের তুলনায় বেশি দরে শেয়ার কিনছেন।

প্রথম ঘণ্টায় ৪৩৪ কোটি টাকার লেনদেন

চাহিদা বৃদ্ধির ফলে প্রথম ঘণ্টাতেই ডিএসইতে মোট ৪৩৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের প্রথম ঘণ্টার তুলনায় দ্বিগুণের বেশি। নির্বাচনের আগে সর্বশেষ কর্মদিবস (১০ ফেব্রুয়ারি) এ বাজারে ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, প্রায় সব খাতেই ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বেশি উত্থান

বড় খাতগুলোর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে বেশি উত্থান হয়েছে। বেলা ১১টায় ব্যাংক খাতের শেয়ার গড়ে প্রায় ২ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার ৩ শতাংশের বেশি বেড়েছে।

এ ছাড়া—

  • প্রকৌশল খাত: গড়ে ২% বৃদ্ধি
  • জ্বালানি ও বিদ্যুৎ: প্রায় আড়াই% বৃদ্ধি
  • সাধারণ বীমা: সোয়া ১% বৃদ্ধি
  • তথ্য-প্রযুক্তি: প্রায় পৌনে ২% বৃদ্ধি
  • জীবন বীমা: সোয়া ২% বৃদ্ধি
  • বস্ত্র খাত: সোয়া ১% বৃদ্ধি
  • ৪২ কোম্পানির সার্কিট ব্রেকার স্পর্শ

বেলা ১২টা পর্যন্ত অন্তত ৪২ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হতে দেখা গেছে। তবে এর বেশিরভাগই ছিল দুর্বল মৌলভিত্তির শেয়ার। দর উল্লেখযোগ্যভাবে বাড়লেও লেনদেনের পরিমাণ তুলনামূলক কম।

লেনদেনে শীর্ষে ঢাকা ব্যাংক

টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক-এর শেয়ারে। শেয়ারপ্রতি ১ টাকা ৩০ পয়সা বা সাড়ে ৯ শতাংশের বেশি দর বেড়ে এটি ১৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। প্রথম ঘণ্টায় প্রায় ৪০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

লেনদেনে পরবর্তী অবস্থানে ছিল সিটি ব্যাংক। এরপর রয়েছে মুন্নু সিরামিক। চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সায়হাম কটন মিলস।

এনএনবাংলা/