February 15, 2026
Sunday, February 15th, 2026, 5:32 pm

ফলাফল পুনর্বিবেচনার দাবি ‘অপ্রাসঙ্গিক’, আদালতের নির্দেশ পেলে পুনর্গণনা: ইসি আনোয়ারুল

ফাইল ফটো

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ বিষয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে জোটটি। অভিযোগের জবাব দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সাংবাদিকদের তিনি বলেন, “১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ এলে কমিশন সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”

জামায়াত নেতৃত্বাধীন জোট তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগও তুলেছিল। এ প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি। আইনের মধ্যে থেকেই সঠিক সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি দাবি করেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। তার ভাষায়, “প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।”

শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এর আগে ৩২টি আসনে কারচুপির মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার আবেদনও করেন তারা। তবে গেজেট প্রকাশ হয়ে যাওয়ায় তা এখন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এনএনবাংলা/