নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক সরকারি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি যানবাহন অধিদফতরকে।
রোববার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদফতরের মিলনায়তনে গিয়ে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে গাড়িগুলো ব্যবহার করছিলেন সেগুলোসহ মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন তাদের ব্যবহৃত গাড়ি ইতোমধ্যে অধিদফতরে জমা দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যার চেয়েও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতগুলো গাড়ির চাহিদা জানানো হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাড়ি ও বাসস্থান প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা অন্তর্ভুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন
দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল