February 16, 2026
Monday, February 16th, 2026, 3:08 pm

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন—ঢাকা-১৭ ও বগুড়া-৬—থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যায়। সেই বিধান অনুসারে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রচলিত আইন অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একজন প্রার্থী একাধিক আসনে অংশ নিতে ও নির্বাচিত হতে পারেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ধারা ১৯(১)(খ)-এ এ বিধান রয়েছে। তবে ধারা ১৯(২) অনুযায়ী, গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়—নির্বাচিত ব্যক্তি কোন একটি আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাকি আসনগুলো শূন্য ঘোষণা করবে।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ভোট এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।

অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির এই চেয়ারম্যান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এনএনবাংলা/পিএইচ