February 16, 2026
Monday, February 16th, 2026, 4:15 pm

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

 

বিএনপি ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, এটি বিরোধীদলের কার্যক্রমকে শক্তিশালী করবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। তাই আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ বিষয়েও সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী সিইসির এখতিয়ার নেই। তবে সংবিধানে সংশোধনী আনা হলে এবং শপথ পড়ানোর প্রক্রিয়া নির্ধারণ করা হলে, তা বাস্তবায়ন সম্ভব হবে।

অপর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগে চ্যালেঞ্জ বিদ্যমান। অর্থনীতি, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সিস্টেম দুর্বল হয়ে গেছে। নতুন মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাবেন, সে বিষয়ে তার কোনো তথ্য নেই।

এর আগে রোববার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেয়। এ খবর ফেসবুকে জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নির্বাচনে হেরে যাওয়া জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

একইভাবে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াত নেতা মীর আহমাদ বিন কাসেম (আরমান) ফেসবুক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের তথ্য নিশ্চিত করেছেন। শিশির মনির লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব।

এনএনবাংলা/পিএইচ