February 17, 2026
Tuesday, February 17th, 2026, 11:05 am

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

 

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। এরপর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণের কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। এর মধ্যে এনসিপি জয় পেয়েছে ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এনএনবাংলা/পিএইচ