মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ গ্রহণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
তিনি বলেন, সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় দলটির সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবেই শপথ নেবেন। “আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি,”—বলেন তিনি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। সে অনুযায়ী নবনির্বাচিতদের প্রথমে সংসদ সদস্য এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক দুটি শপথ নেওয়ার প্রস্তুতি নেয় জাতীয় সংসদ সচিবালয়।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সদস্যরা দুটি শপথ নেবেন বলে জানা গেছে। তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কি না—এ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত দলটি এ বিষয়ে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে সংবিধান সংস্কার কার্যক্রম অনিশ্চয়তায় পড়ে।
এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর জামায়াত জোটের সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না
দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা