February 17, 2026
Tuesday, February 17th, 2026, 1:04 pm

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

 

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই ভূমিকাতেই শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির এমন অবস্থানের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল—দুটি শপথের কোনোটিই নাও নেওয়া হতে পারে।

দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে।

এনএনবাংলা/পিএইচ