February 17, 2026
Tuesday, February 17th, 2026, 6:23 pm

অন্তর্বর্তী সরকারের কেউ বর্তমান সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়: ডা. শফিকুর রহমান

 

অন্তর্বর্তী সরকারের কেউ বর্তমান সরকারে যোগ দেওয়া ন্যায়সঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থে কাজ করলে তাদের সহযোগিতা করা হবে। তবে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “আমরা জুলাই শহিদদের যথাযথ শ্রদ্ধা জানাতে পারিনি। সরকারি দল হতে না পারায় আফসোস নেই। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচনের উৎসবের আমেজ মিলিয়ে গেছে। দেশের মানুষ যে আমানত দিয়েছে, তা আমরা পূর্ণভাবে রক্ষা করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দেওয়া হয়েছে, যা অস্বস্তিকর।”

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানিয়ে তারা শপথ নিয়েছেন। তার দাবি, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থী এবং সংস্কারবিরোধী অবস্থান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সত্যিই জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে তাদেরও শপথ নেওয়া উচিত। “জুলাইকে অসম্মান করে সংসদের গৌরবের আসনে বসা যায় না,”—যোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রতিষ্ঠা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই তাদের প্রত্যাশা। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় তাদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি এসব ঘটনা বন্ধের দাবি জানান।

এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইতোমধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এনএনবাংলা/