February 18, 2026
Wednesday, February 18th, 2026, 7:52 pm

২০ বছর পর জয়পুরহাটে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আব্দুল বারী

জয়পুরহাটঃ

দীর্ঘ ২০ বছর পর জয়পুরহাট জেলা থেকে আবারও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব এলো। জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বঙ্গভবন-এ আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। বিষয়টি নিশ্চিত করেন তাঁর দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন।

প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আব্দুল বারীর এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বিএনপির সাবেক নেতা ও জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আলীম-এর পর প্রায় দুই দশক পর জয়পুরহাট জেলা থেকে আবারও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব এলো—এবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল বারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-2 আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রাশেদুল আলম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। এ আসনে মোট ভোটের হার ছিল ৭৩.৪৩ শতাংশ।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন বলেন, “আব্দুল বারীর প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের জন্য একটি বড় অর্জন। তাঁর নেতৃত্বে স্থানীয় প্রশাসন আরও শক্তিশালী ও কার্যকর হবে।”

আক্কেলপুর উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান কমল বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে তাঁর মতো দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত।”

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি মো. খালেদুল মাসুদ আনজুমান বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারীর দায়িত্ব গ্রহণ জেলা ও উপজেলা পর্যায়ের জনগণকে স্বচ্ছ ও দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করবে।”

নবনিযুক্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী মুঠোফোনে বলেন, “দল ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করব। প্রশাসনিক সেবা যেন গ্রামপর্যায়ে সহজ ও দ্রুত পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”

নতুন প্রতিমন্ত্রীর দায়িত্বগ্রহণের মাধ্যমে জয়পুরহাট-২ আসনের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।