February 18, 2026
Wednesday, February 18th, 2026, 8:10 pm

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন রমজান মাসকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

বৈঠকে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন—জনগণ সুশাসন ও জবাবদিহিতা চায়। সে অনুযায়ী প্রত্যেক মন্ত্রণালয়কে প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্নীতির প্রশ্নে শক্ত অবস্থান নেওয়ার ওপর জোর দেন তিনি।

রমজানকে ঘিরে বিশেষ নির্দেশনা

আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো—

  • দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা
  • সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা

এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ দিয়েছেন তিনি।

ইমাম-মুয়াজ্জিনদের জন্য উদ্যোগ

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে জোর

প্রতিমন্ত্রী বলেন, দেশের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে নানা কারণে পরবর্তীতে কিছু বাজারে স্থবিরতা তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তাব তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

সরকার শিগগিরই ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। নতুন সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হবে।

এনএনবাংলা/