ঘনবসতিপূর্ণ শহর ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে। এতে তৈরি হচ্ছে নানা স্বাস্থ্যঝুঁকি। এ অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা তালিকার প্রথম স্থানে উঠে আসে। সকাল পৌনে ১০টার দিকে ঢাকার স্কোর দাঁড়ায় ২৭৮। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর (স্কোর ২৭০) এবং তৃতীয় স্থানে আছে দিল্লি (স্কোর ২০২)।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একিউআই সূচক অনুযায়ী ঢাকার বায়ুর মান ২৭৮ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে দীর্ঘ সময় অবস্থান করলে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট, চোখ জ্বালা, গলা খুসখুসে ভাব ও মাথাব্যথা দেখা দিতে পারে। শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীদের ঝুঁকি আরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুম, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের অঞ্চলের দূষণের প্রভাব মিলেই পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার (PM2.5) মাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি থাকায় বাড়ছে কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা।
করণীয় কী?
চিকিৎসকদের পরামর্শ—
- বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার
- পর্যাপ্ত পানি পান
- ঘরে এয়ার পিউরিফায়ার বা বায়ু বিশুদ্ধকারী গাছ রাখা
- অপ্রয়োজনে বাইরে কম যাওয়া
পরিবেশবিদরা বলছেন, সাময়িক সতর্কতায় সমাধান হবে না। শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, মানসম্মত গণপরিবহন চালু, নির্মাণকাজে পরিবেশবিধি কঠোরভাবে মানা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ঢাকার বায়ুদূষণের স্থায়ী সমাধান সম্ভব নয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী