কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান-এর ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোগান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
একদিনের এ সরকারি সফরে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। কক্সবাজার সফরকালে তারা স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে একটি সমন্বয় সভায় অংশ নেবেন।
সফর সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধিদলটি উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।
রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর