প্রায় ১৮ মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে।
এর আগে গত সোমবার চার জেলা এবং রোববার ছয় জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়।
কোথায় কী ঘটেছে
নোয়াখালী: জেলা কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে মাইজদীর টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। পরে ব্যানার সরিয়ে নেওয়া হয়। জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা: শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টানানো হয়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
কুড়িগ্রাম: জেলা শহরের শাপলা চত্বরসংলগ্ন কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা জানান, ঘটনার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ: নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে দুপুর ২টায় পাঁচ কর্মী দলীয় স্লোগান দেন। মহানগর ছাত্রলীগের সাবেক মানব ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সাদিম আহমেদের নেতৃত্বে ব্যানার টানানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শরীয়তপুর: ভোরে পালং বাজারে জেলা কার্যালয় খুলে ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়। প্রায় এক মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
হবিগঞ্জ: সকালে টাউন হল এলাকায় জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টা পর ভবনের ভেতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা ধোঁয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিক তথ্য ছিল না।
রাজবাড়ী: জেলা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়। কয়েকটি ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি দেখা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দিনাজপুর (পার্বতীপুর): উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, তাদের আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম: নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে অবস্থিত মহানগর কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানো হয়। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ গিয়ে কাউকে পায়নি।
বিভিন্ন জেলায় কর্মসূচি শেষে কয়েকজনকে আটক ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট জেলাগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী