শিক্ষাখাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, অতীত সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের নামে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি চলতে দেওয়া হবে না। শিক্ষক বদলি প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে এবং তথাকথিত ‘বদলি বাণিজ্য’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ হিসেবে দেখা হবে। কেবল সনদনির্ভর মূল্যায়ন নয়, শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি হাফেজ, কারী ও আলেমদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থাও করা হবে।
এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা হবে না; বরং শিক্ষাকে ভিত্তি করেই রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা।
তিনি আরও বলেন, সেই ভিশন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হবে বাজেট প্রণয়ন থেকে শুরু করে শ্রেণিকক্ষের পাঠদান, পরীক্ষাপদ্ধতি এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ—সবক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী